শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও মননশীল বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাসরুমের পাশে বইমেলা’।
‘কৈশোর তারুণ্যে বই’ উদ্যোগে আয়োজিত এ বইমেলায় অংশ নিয়েছে অ্যাডর্ণ, সময়, ইকরিমিকরি, জাগৃতি, অনুপম, অনন্যাসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কৈশোর তারুণ্যে বই’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তুষার আবদুল্লাহ, প্রকাশক মিলন কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফরোজা আক্তার লিমা এবং বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
রোববার (২৩ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মন ও চিত্তের বিকাশে নিয়মিত বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি ভালো বই শিশু-কিশোরের চিন্তা, মনন ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
বক্তারা আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই নয়, সৃজনশীল বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনাশক্তি, মানবিক মূল্যবোধ ও চিন্তার জগত আরও সমৃদ্ধ হয়। বিদ্যানিকেতন হাই স্কুলে আয়োজিত এ বইমেলা শিশু-কিশোরদের পরিপূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ বইমেলায় শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিভিন্ন ধরনের বই কেনার ও পড়ার সুযোগ পাচ্ছে। আয়োজকদের আশা, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


































