নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদর থানার সামনে শোক দিবসের টি-শার্ট ছাপা হচ্ছিল, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৯, ৩১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদর থানার সামনে শোক দিবসের টি-শার্ট ছাপা হচ্ছিল, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন একটি ছাপাখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারসামগ্রী প্রস্তুতের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ টি-শার্ট ও স্টিকার জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও ৬-৭ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়ক ১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামনে ৫৫/২৭ এসএম মালেহ রোডের রিভারভিউ কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত একটি ছাপাখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. রমজান হোসেন ও এসআই (নিঃ) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিহাব আহম্মেদ আরাফাত (২৮), মো. জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), মো. সামির হোসেন খান (২৬) এবং মো. রাকিবুল হাসান (৩২)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা, প্রচার-প্রচারণা এবং সংগঠনের সদস্য হওয়ার জন্য আহ্বানসহ বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত ও ঘটনাস্থল থেকে পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া অবস্থায় শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান সংবলিত ৭০টি কালো গোলগলা টি-শার্ট, শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন ১০টি কালো টি-শার্ট উদ্ধার করা হয়। এসব আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও উদ্ধার করা আলামতের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণামূলক সামগ্রী তৈরির কাজে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/১৩)-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: