নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

আদালতে যাওয়ার পথে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু, আদালতপাড়ায় শোক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:১০, ১১ অক্টোবর ২০২৬

আদালতে যাওয়ার পথে আইনজীবী  মুনির উদ্দিনের মৃত্যু, আদালতপাড়ায় শোক

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর) সকালে বাসা থেকে আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আদালতপাড়ায় যাওয়ার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অ্যাডভোকেট মুনির উদ্দিন। এ সময় স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত এই প্রবীণ আইনজীবীর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো আদালতে যাওয়ার পথে তাঁর এমন মৃত্যুতে আইনজীবী মহলে শোকের আবহ বিরাজ করছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, “আইনজীবী মুনির উদ্দিনের এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও জানান, অ্যাডভোকেট মুনির উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

মরহুমের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।