সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন লাকী আক্তার (৩২) ও তার বাবা আমজাদ হোসেন (৬০)।
অভিযোগ রয়েছে, শুধু চাকরির প্রলোভন দেখিয়েই নয়, ভুয়া নিয়োগপত্র তৈরি করে এক যুবককে এনএসআইয়ের ফিল্ড অফিসার সাজিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজেও ব্যবহার করেন লাকী।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকার দাতা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন (৬৬) থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন এবং থান কাপড়ের ব্যবসা করেন। ২০২১ সালের প্রথম দিকে মেয়ের জামাতা খায়রুল ইসলাম রয়েলের মাধ্যমে লাকী আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর লাকী নিজেকে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে ভালো যোগাযোগ থাকার কথা জানান। জনপ্রতি ১০ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দেন তিনি।
নিজাম উদ্দিনের ছেলে আবিদ হোসেন, মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে সরকারি চাকরি দেওয়ার বিষয়ে লাকীর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়। ছেলেকে এনএসআইতে এবং মেয়ে ও ছেলের স্ত্রীকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ সময় লাকীর বাবা আমজাদ হোসেনও মেয়ের পরিচয় ও ক্ষমতার কথা বলে চাকরির বিষয়ে নিশ্চয়তা দেন।
এজাহার অনুযায়ী, ২০২১ সালের ১০ মে বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগে নিজাম উদ্দিনের ভাড়া বাসায় সাক্ষীদের উপস্থিতিতে প্রথম দফায় নগদ ৫ লাখ টাকা নেন লাকী। ২০২৫ সালের মধ্যে তিনজনের নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, নিয়োগপত্র পাওয়ার পর বাকি টাকা নেওয়া হবে। চাকরি দিতে ব্যর্থ হলে তার বাবা আমজাদ হোসেন টাকা ফেরত দেবেন বলেও আশ্বাস দেওয়া হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আবিদ হোসেনের নামে এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে একটি নিয়োগপত্র দেন লাকী। এতে ২০২৬ সালের ১১ জানুয়ারি সকাল ৯টায় ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির মহাপরিচালকের কার্যালয়ে যোগদানের নির্দেশনা উল্লেখ ছিল। তবে নির্ধারিত সময়ে সেখানে যেতে হবে না, তিনি নিজেই যোগদানের ব্যবস্থা করবেন বলে আবিদকে জানান।
অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ১০ মে থেকে ২০২৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার কথা বলে লাকী ও তার বাবা মিলে নিজাম উদ্দিনের কাছ থেকে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন।
আরও অভিযোগ রয়েছে, ভুয়া নিয়োগপত্র দেওয়ার পর প্রায় চার-পাঁচ মাস আবিদকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে তথ্য সংগ্রহ করানো হয়। আবিদকে বলা হতো, তার প্রশিক্ষণ চলছে।
তবে গত ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় দণ্ডবিধির ১৭০ ও ১৮৬ ধারায় মামলা করা হয়।
ছেলে গ্রেপ্তারের পর নিয়োগপত্রের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি অনুসন্ধান করেন নিজাম উদ্দিন। পরে আবিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, এনএসআইয়ের কোনো ইউনিটেই তার নিয়োগ হয়নি। পুরো বিষয়টি প্রতারণা বলে বুঝতে পেরে অভিযুক্তদের কাছে টাকা ফেরত চান তিনি। প্রথমে তারা ভুল স্বীকার করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে বিভিন্ন তারিখ দিয়েও টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।
সর্বশেষ গত ১৩ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে অভিযুক্তদের বাসায় গিয়ে টাকা চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করেছেন ভুক্তভোগী। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দায়ের করা এজাহারের ভিত্তিতে বাবা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


































