বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৪ ফেব্রুয়ারি বুধবার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড (শিমরাইল) ট্রাক স্ট্যান্ডে সকাল ৯ ঘটিকা থেকে এই জনসভা শুরু হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনী কার্যক্রমকে বেগবান করা এবং তৃণমূল নেতা-কর্মীদের মাঝে দিকনির্দেশনা প্রদানই তার প্রধান লক্ষ্য।
জনসভা সফল করার লক্ষ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান এবং সভায় মহানগরী ও জেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, শিমরাইল মোড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর প্রতিটি ইউনিটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। হাজার হাজার নেতা-কর্মীর সমাগম ঘটাতে ইতিমধ্যেই পোস্টারিং, লিফলেট বিতরণ এবং নিবিড় গণসংযোগ চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সমাবেশ নারায়ণগঞ্জের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং জনমানুষের অধিকার আদায়ে জামায়াতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।


































