বামে এবার আবুল কালামের পক্ষে, ডানে ২০২৪ সালে সেলিম ওসমানের প্রচারণায় দেলোয়ার প্রধান
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের পলাতক সাবেক এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর বন্দরের করাগাছিয়া ইউপির দেলোয়ার হোসেন প্রধান ওরফে তেল চোর দেলোয়ার প্রধান এবার ধানের শীষের প্রচারণায় নেমেছেন।
ওসমান পরিবারের আর্শিবাদপুষ্ট দেলোয়ার প্রধান সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি পাতানো নির্বাচনে সেলিম ওসমানের লাঠিয়াল ছিলেন। সেলিম ওসমানকে বিজয়ী করতে ভোট প্রার্থনা করে প্রচার-প্রচারণা চালিয়েছেন দিনরাত।
৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর কোনঠাসা হয়ে পড়ে দেলোয়ার প্রধান। কিন্তু ওসমান পরিবারের রাখোয়াল দেলোয়ার প্রধান নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে ধানের শীষের প্রচারণায় নেমেছেন।
ভোট বাগিয়ে নিতে নগদ টাকাও বিলাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে অনেকেই বলছেন, আবুল কালাম পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা। তার ইমেজ কুলষিত করতে দেলোয়ার প্রধান ধানের শীষের প্রচারণা করছেন।
২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বন্দরে এক অনুষ্ঠানে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন প্রধান প্রকাশ্যেই বলেছিলেন, “আমি কোনো পার্টি বুঝি না… আমি বুঝি কেবল ওসমান পরিবার…আমি ওসমান পরিবারের সৈনিক।”
সেই ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগীই এখন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমানের কয়েকজন ঘনিষ্ঠ অনুসারী ছিলেন, যাদের তিনি ‘মাই ম্যান’ বলে সম্বোধন করতেন। এই তালিকার অন্যতম ছিলেন দেলোয়ার প্রধান।
স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি আসামি। এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন তিনি।


































