নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:১২, ২৭ আগস্ট ২০২৬

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ‘নাতে রাসূল (সাঃ)’ ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা মো. আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “রাসূলুল্লাহ (সাঃ)-এর হামদ ও নাতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। রাসূল (সাঃ)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই সমাজে সাম্য, ন্যায়বিচার এবং শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি আরও বলেন, “সমাজ থেকে অপসংস্কৃতি দূর করে নৈতিক চরিত্রের বিকাশ ঘটাতে সুস্থ ধারার ইসলামী সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।”

সাংস্কৃতিক সন্ধ্যায় মনমুগ্ধকর ইসলামী সংগীত ও নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন দেশের পরিচিত শিল্পী এমসি মামুন, হাফেজ আবু সাঈদ, জহিরুল ইসলাম, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, আব্দুর রউফ ও নজরুল ইসলাম আমিনী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ, শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, কল্যাণ সাংস্কৃতিক সংসদ ও দেশীয় সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

সন্ধ্যা থেকেই অনুষ্ঠান উপভোগ করতে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে পুরো প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

সম্পর্কিত বিষয়: