শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল চারটায় শহরের শীতলক্ষ্যা এলাকার শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণের এ আয়োজনে দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


































