নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবে মো. মোসলেম উদ্দিন ও এস এম আমীর হোসেনের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সংহতি সুদৃঢ়করণ, ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা এবং প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি এবং সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সংহতি সুদৃঢ়করণ এবং পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মো. মোসলেম উদ্দিন ও এস এম আমীর হোসেনের নেতৃত্বে নবগঠিত কমিটি সাংবাদিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যকর ভূমিকা পালন করবে।’
বিল্লাল হোসেন রবিন নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য বজায় রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
এ ছাড়া নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন ও সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ, আড়াইহাজার প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক নাবিলা শারমিন ও সদস্যসচিব জিহাদ হোসেন এবং ডেমরা থানা প্রেস ক্লাবের সভাপতি এম আই ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
তাঁরা সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সফল ও ফলপ্রসূ কার্যকাল কামনা করেন।


































