নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৩, ১৮ জুন ২০২৬

বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ঘাতক স্বামী জনী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার কলাবাগ সরদারবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জনীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জনী সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। নিহত সাথী বেগম (৩৮) দুই সন্তানের জননী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে ঢাকার পল্লবী থানার মিরপুর মুসলিম ক্যাম্প এলাকার রাজু মিয়ার মেয়ে সাথী বেগমের সঙ্গে জনীর বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই জনী বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। মেয়ের সংসার টিকিয়ে রাখতে ২০২৪ সালে সাথীর ভাই ইমরান হোসেন প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে জনীর পৈতৃক এলাকায় একটি আধাপাকা বাড়ি নির্মাণ করে দেন। পরবর্তীতে সেই বাড়ি ভাড়া দিয়ে দম্পতি বন্দরের কলাবাগ সরদারবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

ঘটনার দিন বিকেলে পারিবারিক বিরোধের একপর্যায়ে জনী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সাথী বেগমের গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে জনীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা রাজু মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় জনীকে একমাত্র আসামি করা হয়েছে। মামলাটি পেনাল কোডের ৩০২ ধারায় রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃত জনীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদনসহ প্রেরণ করেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার বিস্তারিত তথ্য জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: