নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মডেল মসজিদের সামনে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা শাহাদুল্লাহ মুকুলের বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্দর উপজেলা মডেল মসজিদটি প্রায় ৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত। অভিযোগ রয়েছে, মসজিদের সামনের সরকারি জায়গায় একাধিক দোকান নির্মাণ করে সেগুলো ভাড়া দেওয়া হচ্ছে। এতে মসজিদের নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগকারী স্থানীয়দের ভাষ্য, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা শাহাদুল্লাহ মুকুল তার প্রভাব খাটিয়ে এসব দোকান নির্মাণ করেছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে মডেল মসজিদের সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

































