নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সচিব মো. মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মেহেদী হাসান নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়, গত ১৯ এপ্রিল সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের ভাই তুহিনকে সচিবের পদ থেকে অপসারণ করে মেহেদী হাসানকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইকবাল হোসেন ও তার অনুসারীরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় ঘটনার দিন ইকবাল হোসেনের নির্দেশে মুক্তার, সোলাইমান পলাশ, সাইফুল, নাজমুল, জসিম, টুটুল, জহিরুল, সেলিম, ইয়াসিন, জিসান, জাহিদ ওরফে মাইচ্ছা জাহিদসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা দেয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
পরে তারা মেহেদী হাসানের বাসায় অনধিকার প্রবেশ করে গালিগালাজ করে এবং প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন মেহেদী হাসানের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
যাওয়ার সময় হামলাকারীরা মেহেদী হাসানকে সচিবের পদ থেকে পদত্যাগ না করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

































