নারায়ণগঞ্জের বন্দর থানায় গত জুলাই মাসে হত্যা, ডাকাতি, চুরি, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ৬১টি মামলা দায়ের হয়েছে। এর পাশাপাশি ৪টি অপমৃত্যু (ইউডি) মামলাও রেকর্ড করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, জুলাই মাসে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে হত্যা ২টি, ডাকাতি ২টি, চুরি ১৩টি, নারী ও শিশু নির্যাতন ২টি, মাদক ২০টি, সড়ক দুর্ঘটনা ২টি এবং অন্যান্য অপরাধে ২০টি মামলা রয়েছে।
মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। ২০টি মাদক মামলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ১১৫ পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল এবং ৮ কেজি ৭২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মামলায় ৩৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ওয়ারেন্ট তামিল অভিযানে বন্দর থানা পুলিশ সিআর মামলায় তামিল ও নিষ্পত্তিসহ ২০৩ জন এবং জিআর মামলায় তামিল ও নিষ্পত্তিসহ ৮৩ জনকে আদালতের আওতায় এনেছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টে ৫ জন এবং সিআর ওয়ারেন্টে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “গত জুলাই মাসে দায়ের হওয়া ৬১টি মামলার মধ্যে ২০টিই মাদকসংক্রান্ত। এতে বোঝা যায়, বন্দরে মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদকের কারণেই চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধও বেড়ে যাচ্ছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কেউ কোনো তথ্য পেলে পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”


































