নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে সিটি ইকোনমিক জোনে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৪২, ৩০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে সিটি ইকোনমিক জোনে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোনের অয়েল সেকশনে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর তালতলা এলাকায় অবস্থিত সিটি ইকোনমিক জোনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—মোজাম্মেল প্রধান ও সাব্বির প্রধান। তারা উভয়েই রূপগঞ্জের তালতলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে সিটি ইকোনমিক জোনের অয়েল সেকশনে হঠাৎ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেখানে কর্মরত মোজাম্মেল ও সাব্বির দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, দগ্ধ দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দগ্ধ শ্রমিকদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী কারখানার সামনে অবস্থান নেন। পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্থানীয়রা সেখান থেকে চলে যান।

বয়লার বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।