নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৮, ৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকৃত নগদ ৪ হাজার টাকা ও সুইচ গিয়ার চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকরা হলেন—বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার হান্নান মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল ছাত্তার মিয়ার ছেলে জহির (২২), কুশিয়ারা সুতারপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে আকাশ আহাম্মেদ নাজমুল (২২) এবং কল্যাণ্দী মাজারবাড়ী এলাকার মৃত আব্দুল রব মিয়ার ছেলে মো. হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বন্দর রেললাইনসংলগ্ন ভাঙ্গা ব্রিজের ওপর থেকে ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪ হাজার টাকা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটক তিনজনসহ একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বন্দর রেললাইনসংলগ্ন ভাঙ্গা ব্রিজ এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের অত্যাচারে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠিয়েছে পুলিশ।