নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজন ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি এ হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে উত্তর মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সম্প্রতি এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজালাল মোবাইল ফোনে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাঁকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ডান হাত ও বাম পা ভেঙে দেয়। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত আবুল কালামের বাবা আব্দুল মালেকের অভিযোগ, তাঁর ছেলের ওপর পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। মাদক কারবারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সংশ্লিষ্টদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করায় তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে ঘটনার পর অভিযুক্ত শাহজালাল, শাহাদাত ও এমদাদুলসহ অন্যরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে উত্তর মাসাবো এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন পুলিশ সদস্যের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































