নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতা হারুনের নেতৃত্বে রাতভর জমি দখলের চেষ্টা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৬, ৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতা হারুনের নেতৃত্বে রাতভর জমি দখলের চেষ্টা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ ও স্বর্ণকার শাহীন আলমের বিরুদ্ধে। এ সময় ভেকু নিয়ে শতাধিক লোকজন বাড়ির সামনে অবস্থান নেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর সিদ্ধিরগঞ্জের ডিএনডি শিমরাইল নতুন পাম্প হাউজের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

‎ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন জানান, তার নানা কালাচান সরদার ওই জমির মালিক ছিলেন। প্রায় ৫০ বছর ধরে তারা ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন। তার মা জহুরা বিবি নানার ওয়ারিশ সূত্রে পাওয়া জমির পাশাপাশি অন্য ওয়ারিশদের কাছ থেকেও কিছু জমি কিনেছেন। বর্তমানে সাড়ে ১২ শতাংশ জমিতে দুই ভাই ও দুই বোনের চারটি বাড়ি রয়েছে। প্রতিপক্ষ সালে আহমেদ গংদের সঙ্গে এ জমি নিয়ে প্রায় ৩০ বছর ধরে মামলা চলছে।

‎জয়নাল আবেদীনের অভিযোগ, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বিএনপি নেতা হারুন অর রশীদ ও স্বর্ণকার শাহীন আলমের নেতৃত্বে শতাধিক লোকজন তাদের বাড়ি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা সারারাত আতঙ্কে ও নির্ঘুম অবস্থায় কাটিয়েছেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎স্থানীয়দের অভিযোগ, বাড়িটি দখলের উদ্দেশ্যে সেখানে একটি ভেকু এনে রাখা হয়েছিল। এ ছাড়া বাড়ি দখলের ঘটনা সংবাদমাধ্যমে যাতে প্রকাশ না পায় এই জন্য দখল চেষ্টাকারীরা মোটা অংকের টাকা বিতরণ করেছে বলে অভিযোগ রয়েছে।

 স্থানীয়দেরবদাবি, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে দখনকারীদের সাথে বিশেষ পেশার কতিপয় সদস্যকে দেখা যাবে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অন্যায়ভাবে কাউকে জমি দখল করতে দেওয়া হবে না। জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে আইনগত প্রক্রিয়ায় সমাধান করতে হবে। কেউ জোরপূর্বক জমি দখল করতে পারবেন না। ৯৯৯-এ কল পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎অভিযুক্ত সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ বলেন, "আমি মীমাংসা করতে গেছি, দখল করতে যাই নাই, আমার এখানে আইসা মীমাংসার কথা বইলা গেছে আমি শান্তির পক্ষের মানুষ।