নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ নভেম্বর ২০২৬

আলেমদের সহযোগিতা ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব ছিল না: আশা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৯, ১৪ নভেম্বর ২০২৬

আলেমদের সহযোগিতা ছাড়া নির্বাচনী বৈতরণী পার  হওয়া সম্ভব ছিল না: আশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম-ওলামাদের সহযোগিতা ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা।

 

শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের লক্ষণখোলায় কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাইখুল হাদিস আল্লামা মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে আলেম সমাজের ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আবুল কাউছার আশা বলেন, “আমার পরিবার ও দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। নির্বাচনে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই বৈতরণী পার হওয়া সম্ভব ছিল না। একটি পক্ষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রি শুরু করেছিল। আমরা যতই বলি জান্নাত-জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ, তা মানুষ ততটা আমলে নেয়নি। কিন্তু আপনারা যখন আলেম সমাজ থেকে বিষয়টি স্পষ্ট করেছেন, তখন আমাদের মা-বাবা ও ভাই-বোনেরা গোমরাহির পথ থেকে ফিরে এসেছেন।”

 

দেশের জন্য কওমি আলেম ও ছাত্রদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, “দেশের জন্য কওমি আলেম ও ছাত্রদের এই আত্মত্যাগ প্রমাণের জন্য কোনো গবেষণার প্রয়োজন নেই। শাপলা চত্বরের ঘটনার দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে ওঠে। অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে আপনারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করেছেন।”

 

বর্তমান সরকারকে আলেম-ওলামাদের ‘নিজেদের সরকার’ হিসেবে অভিহিত করে আবুল কাউছার আশা আলেম সমাজের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা যদি আপনাদের সাথে যোগাযোগ না করি, কাছে না যাই, তবে নিজেদের জিনিসকেই দূরে ঠেলে দেওয়া হবে। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। কোথায় কী প্রয়োজন তা সরাসরি আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ দিয়ে তা পূরণের চেষ্টা করব। আপনারা এগিয়ে না এলে আমাদের কাজ করতে অসুবিধা হয়ে যায়।”

 

আলেমদের ‘কলবের চিকিৎসক’ উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি আলেমদের ডাক্তার বলি, আপনারা আমাদের অন্তরের চিকিৎসক। এই চিকিৎসকেরা ভালো না থাকলে রোগীদের ভালো থাকার সুযোগ নেই। আর এর অভাবেই সমাজে অবক্ষয় বেড়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আলেম-ওলামাদের সাথে নিয়েই চলব। পাশাপাশি সমাজে যারা ভ্রান্ত ধারণা ছড়ায়, তাদের ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সব সময় সত্যের পক্ষে চলার চেষ্টা করি এবং বালিতের বিরুদ্ধে কাধেঁ কাঁধ মিলিয়ে লড়াই করে যাবো ।”

 

সভায় মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সরকারি অনুদানের তথ্য তুলে ধরে তিনি জানান, ইতিমধ্যে ৪৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে, যার সামান্য অংশ মন্দিরে এবং বাকি সিংহভাগই মসজিদ ও মাদ্রাসায় দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে আরও ৪০ লাখ টাকা অনুদান এসেছে, যা কওমি মাদ্রাসাগুলোকে প্রাধান্য দিয়ে বণ্টন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

 

মতবিনিময় সভায় বন্দরের বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।