নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৬ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশের দুই টিম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:২৬, ১৬ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশের দুই টিম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্তের মধ্যে একজন কার্যালয়ে প্রবেশ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি পৃথক তদন্ত দল কাজ শুরু করেছে।

 

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত টিনের তৈরি একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

 

একপর্যায়ে ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। তার সঙ্গে আসা অন্যরাও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

 

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে দুটি পৃথক তদন্ত দল গঠন করা হয়েছে।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তবে বিষয়টিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

 

তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় দুটি পৃথক দল তদন্ত করছে। দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: