নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ আগস্ট ২০২৬

তোলারাম কলেজে সংঘর্ষের নিন্দা জানিয়ে ছাত্র ফেডারেশনের ৫ দফা দাবি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ৫ আগস্ট ২০২৬

তোলারাম কলেজে সংঘর্ষের নিন্দা জানিয়ে ছাত্র ফেডারেশনের ৫ দফা দাবি

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখা।

বুধবার (৫ আগস্ট) এক প্রেস বিবৃতিতে কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম ও সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং চারজন শিক্ষার্থীর আত্মত্যাগের সাক্ষী তোলারাম কলেজে সহিংসতা ও পেশিশক্তির প্রদর্শন অত্যন্ত উদ্বেগজনক। শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা; তাই সেই আদর্শের পরিপন্থী যেকোনো সহিংসতা নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বা আদর্শিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো, ক্যাম্পাসকে অস্থিতিশীল করা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করে।

ছাত্র ফেডারেশন আরও উল্লেখ করে, শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের জায়গা নয়; বরং এটি মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র। তাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

প্রেস বিবৃতিতে সংগঠনটি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো—

সংঘটিত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ।

ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সক্রিয় সকল ছাত্র সংগঠনকে নিয়ে ‘পরিবেশ পর্ষদ’ গঠন।

সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ক্লাস-পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।

শিক্ষা প্রতিষ্ঠানে পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সকল ছাত্র সংগঠনকে সংযম প্রদর্শন করে সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান।

সম্পর্কিত বিষয়: