নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের নৈপথ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা : রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০১, ৫ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের নৈপথ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা : রিয়াদ চৌধুরী

শ্রমিক আন্দোলনের নামে একটি অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে শ্রমিক লীগের সাবেক নেতৃবৃন্দ, তাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শ্রমিকদের ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

 

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সহিংস আন্দোলন পরিচালনার পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শহরের চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

 

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “আজকের আলোচনায় আমরা শ্রমিক অসন্তোষের মূল বিষয়টি চিহ্নিত করতে পেরেছি। সভায় সংশ্লিষ্টরা সরাসরি উপস্থিত থেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং প্রকৃত বিষয়টি বুঝতে পেরেছেন। ষড়যন্ত্রকারীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের একটি ছোট অংশকে টার্গেট করে নারায়ণগঞ্জ অচল করার পরিকল্পনা করেছিল। এ জন্য কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের ভুল তথ্য দিয়ে রাস্তায় নামানো হয়েছিল।”

 

তিনি আরও বলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক দিপু ভাই, মাসুদুজ্জামান মাসুদসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা তাদের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। তাঁরা প্রশাসনকে পরিস্থিতির প্রকৃত বিষয়গুলো অবহিত করেছেন।

 

গত চার দিন ধরে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন জানিয়ে রিয়াদ বলেন, তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। প্রকৃত শ্রমিকরা সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে আন্দোলন করতে চান না।

 

তিনি বলেন, বৃহস্পতিবার সকালেও মাইক্রো ফাইভার, মেট্রো, আবিরসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, শ্রমিকদের একটি অংশের পরিকল্পনা ছিল নিজ নিজ কর্মস্থলে না গিয়ে সরাসরি লিংক রোডে এসে সড়ক অবরোধ করা।

 

রিয়াদ মোহাম্মদ চৌধুরীর দাবি, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বন্ধ হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়বে। একই সঙ্গে ওই দুই মহাসড়কও অবরোধের পরিকল্পনা ছিল বলে তিনি অভিযোগ করেন।

 

তবে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নজরুল ইসলাম আজাদের নেতাকর্মীদের তৎপরতায় মহাসড়ক অবরোধের সেই পরিকল্পনা সফল হয়নি বলে দাবি করেন তিনি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভূমিকার কারণেই ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন রিয়াদ।

সম্পর্কিত বিষয়: