নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ রূটে ‘হাফপাস’কার্যকর হয়নি, আল্টিমেটাম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৯, ১৮ নভেম্বর ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রূটে ‘হাফপাস’কার্যকর হয়নি, আল্টিমেটাম

আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা কমলেও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবি বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে বাস মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

এ সময় শিক্ষার্থীদের ‘হাফপাস’ কার্যকর না হলে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন।

সেখানে ছাত্রনেতারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া কমানোসহ তিন দাবিতে গত ২৮ অক্টোবর থেকে আন্দোলন ও পরে হরতালের ডাক দেয় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। যার মধ্যে একটি দাবি ছিল শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে এ আন্দোলনে আমরা নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা অংশগ্রহণ করি।

শনিবার জেলা প্রশাসন থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। ডিসি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের জন্য হাফপাসের ব্যবস্থাও থাকবে। আমরা এই ঘোষণার সাধুবাদ জানাই এবং যাত্রী অধিকার ফোরাম হরতাল প্রত্যাহার করে নেয়।

কিন্তু শিক্ষার্থীদের ‘হাফপাসের’ বিষয়টি বাস্তবায়ন হয়নি। সোমবার থেকে ডিসির নির্দেশনা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস মালিকরা ভাড়া কমালেও শিক্ষার্থীদের হাফপাস কার্যকর করেননি। সকালে শিক্ষার্থীরা বাস কাউন্টারে গেলে তাদের বলা হয়, মালিকরা এ বিষয়ে তাদের কোনো নির্দেশনা দেয়নি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার। এ অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ নেবে বলে আশা করি। ২৪ ঘণ্টার মধ্যে ‘হাফপাস’ কার্যকর না হলে আন্দোলনের নামারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, ছাত্রফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক নাসিমা সরদার, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রিফাত ইমতিয়াজ অয়ন্ত, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন বলেন, আমরা বাস মালিকদের হাফ ভাড়া নেওয়ার জন্য বলেছি। তারা কেন বিষয়টি কার্যকর করেননি, সে বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) তাদের নিয়ে বসা হবে।