নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

প্রবাসীদের সহায়তায় সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৪, ২৪ জুলাই ২০২৬

প্রবাসীদের সহায়তায় সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট সম্পন্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের প্রাচীন সোনাকান্দা কবরস্থানের ধসে পড়া অংশে মাটি ভরাটের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রবাসী ও স্থানীয় দাতাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম্মা সোনাকান্দা কবরস্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা কিল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনায়েদ আহমেদ ফয়েজী।

জানা যায়, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে কবরস্থানের একাংশ পার্শ্ববর্তী পুকুরে ধসে পড়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। এতে কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত হয়ে লাশের অংশবিশেষ দৃশ্যমান হয়ে পড়ে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

বিষয়টি নজরে আসার পর দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক ও সমাজকর্মী মো. বিল্লাল হোসেন উদ্যোগ গ্রহণ করেন। তিনি প্রবাসী ও এলাকার দানশীল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহ করে প্রয়োজনীয় মাটি কিনে ভরাটের কাজ শুরু করেন। টানা প্রায় ২০ দিনের প্রচেষ্টায় কবরস্থানের ধসে পড়া অংশ পুনরায় সমতল করা সম্ভব হয়।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিক ও সমাজকর্মী মো. বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাংবাদিক ও ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদ, বিএনপি নেতা জব্বার পাঠান, সোনাকান্দা মদিনা উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মো. রোমান হোসেন, সাংবাদিক জি এম সুমন, শেখ আরিফ, শাহরিয়ার প্রধান ইমন, মো. আকরাম হোসেন, আতিকুর রহমান জুয়েল, সাইফুল ইসলাম, খোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

দোয়া শেষে উপস্থিত অতিথিরা কবরস্থান সংস্কারের মতো মানবিক ও ধর্মীয় কাজে সহযোগিতা করায় দেশের বাইরে অবস্থানরত প্রবাসী এবং স্থানীয় সকল দানশীল ব্যক্তির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।