নারায়ণগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আয়োজকদের দাবি, অনুষ্ঠান চলাকালে শহীদ মিনারের পেছনে অবস্থিত একটি তেলের পাম্পের দিক থেকে দুই তরুণ দর্শকদের লক্ষ্য করে পটকা নিক্ষেপ করেন। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটক দুই ব্যক্তি হলেন সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, “অনুষ্ঠান চলাকালে দুই ব্যক্তি মিনারের পাশের পাম্পের দিক থেকে দর্শকদের লক্ষ্য করে পটকা ছুড়ে মারে। পরে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।”
তিনি আরও অভিযোগ করেন, অনুষ্ঠানটি পণ্ড করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। একই সঙ্গে আটক দুই ব্যক্তি নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, “খবর পেয়ে তাদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































