নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৭, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, ভেন্যু ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় এবং খেলোয়াড়দের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৯ সেপ্টেম্বর সারাদেশের সঙ্গে একযোগে বহুল প্রতীক্ষিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দেশের প্রায় ৫০ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃহৎ ফুটবল উৎসবে অংশ নেবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে প্রস্তুতি।

সারাদেশের মতো নারায়ণগঞ্জ সদর উপজেলাতেও পাঁচটি ভেন্যুতে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হবে। নির্ধারিত ভেন্যুগুলো হলো—ওসমানী পৌর স্টেডিয়াম, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠ, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠ ও কানাইনগর উচ্চ বিদ্যালয় মাঠ।

এসব ভেন্যুতে সদর উপজেলার ৯০টি স্কুল ও মাদ্রাসার মোট ৭৮টি বালক দল এবং ১৬টি বালিকা দল অংশ নেবে।

প্রস্তুতি সভায় মাঠের প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভেন্যুভিত্তিক দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাশি, এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ বিজন কুমার, পাঁচটি ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ তাদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ। সদর উপজেলায় টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই টুর্নামেন্টের প্রতিটি ধাপ যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সভা শেষে সংশ্লিষ্টরা পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: