নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬

না’গঞ্জে বিভিন্ন হাসপাতালে সপ্তাহে একদিন ‘ক্লিনিং ডে’ পালন করা হবে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৪, ১২ নভেম্বর ২০২৫

না’গঞ্জে বিভিন্ন হাসপাতালে সপ্তাহে একদিন ‘ক্লিনিং ডে’ পালন করা হবে

গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা হাসপাতালেও সপ্তাহে একদিন করে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। পরবর্তীতে জেলার সব সরকারি হাসপাতালে নিয়মিতভাবে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

গত ১১ নভেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুস্থতার মুহূর্তে সরকারি হাসপাতালই আমাদের ভরসা। এই স্থানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সেবামুখী রাখা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “হাসপাতালের নোংরা পরিবেশ পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের মধ্যেই পরিবর্তন আনতে হবে। দোষারোপ নয়, সবাই মিলে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

তিনি জানান, “শুধু হাসপাতাল নয়, জেলার সব সরকারি অফিসেও ধাপে ধাপে ‘ক্লিনিং ডে’ কার্যক্রম চালু করা হবে। মানুষের আস্থা পুনরুদ্ধারে এটি একটি যুগান্তকারী উদ্যোগ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।
 

সম্পর্কিত বিষয়: