নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করতে গেলে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সনজিব জোর্যাদ্দার জানান, ই-পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সময় তার কাগজপত্র দেখে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন।
এ ঘটনায় ভুয়া তথ্য প্রদান ও জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন। পাসপোর্ট অফিসের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি ধরা পড়ে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


































