নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৫৮, ২৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ১১টা থেকে ১২ টার মধ্যে কোন এক সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোডস্থ উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলে রাব্বি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের এস.ও রোড এলাকার সুমিল পাড়ায় বসবাস করতেন এবং একটি তেলের লরির হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ জানায়, রাতের দিকে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরঘাটে গেলে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান এবং ডুবে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় সহকর্মী ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. আতিকুর রহমান হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।