নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
“যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে—হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে”—এই প্রত্যয়কে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অতিথিরা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


































