নারায়ণগঞ্জ-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বলেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনকে নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে। তবে এসব পরিকল্পনা সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ও স্থানীয় সমস্যার ওপর ভিত্তি করেই করা হবে। কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তা স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ-৪ দিয়েছেন। তাই আজকে এখানে এসেছি শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য এবং এখানকার সরকারি দপ্তরগুলো কীভাবে চলছে, তা দেখার জন্য। একইসঙ্গে বিএনপির নেতাকর্মীদের চাওয়া-পাওয়া শুনতে এসেছি।”
তিনি বলেন, “কোথায় উন্নয়নমূলক কাজ করা যায়, কোথায় কী দাবি রয়েছে এবং কোথায় কী সমস্যা রয়েছে—এসব বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। কোথায় ও কীভাবে কাজ করব, সেটিও তাদের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষভাবে এলাকার প্রয়োজন চিহ্নিত করা জরুরি। যেসব এলাকায় উন্নয়ন, কারিগরি সহায়তা বা অন্যান্য সরকারি সহযোগিতা প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। মানুষের প্রয়োজনের ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদর উপজেলা পরিদর্শনের সময় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উপজেলার সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়েও আলোচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শন ও মতবিনিময় শেষে মাধবী মার্মা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের কাছ থেকে এলাকার সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও দাবির বিষয়ে অবহিত হন।


































