নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের ঘারমোড়ায় ময়লার স্তূপ, মশার উপদ্রবে স্বাস্থ্যঝুঁকি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের ঘারমোড়ায় ময়লার স্তূপ, মশার উপদ্রবে স্বাস্থ্যঝুঁকি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ ও মশার উপদ্রবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। স্থানীয় কবরস্থান, ঈদগাহ, বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে রাখায় সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়কটির পাশে যত্রতত্র গৃহস্থালি ও বাজারের বর্জ্য ফেলা হচ্ছে। পচা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে এ পথ দিয়ে চলাচলকারী শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন নাকে রুমাল দিয়ে সড়কটি পার হতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশের পুকুরটিও কচুরিপানা ও আগাছায় পুরোপুরি ঢেকে গেছে। পচা পানি, ময়লার স্তূপ ও ঝোপঝাড়ের কারণে সেখানে মশার বংশবিস্তার বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের দাবি, ইতোমধ্যে স্কুল ও মাদরাসার কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এতে সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে অভিভাবকদের।

স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক জসিম উদ্দিন জসু বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ময়লা অপসারণ ও মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এলাকাবাসী দ্রুত রাস্তার পাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ, পুকুরের কচুরিপানা ও আগাছা পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ঘারমোড়াবাসী।