নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে মসজিদের ভেতর থেকে পিস্তল, ম্যাগাজিন ও ২০ গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে মসজিদের ভেতর থেকে পিস্তল, ম্যাগাজিন ও ২০ গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর থেকে এসব অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন প্রথমে অস্ত্রগুলো দেখতে পান। পরে তিনি সেগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড গুলি। আড়াইহাজার থানার এসআই শফিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।

 

তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় থানা, গোপালদী তদন্তকেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের করা মামলায় লুট হওয়া অস্ত্রের সংখ্যা উল্লেখ করা হয়েছিল ১২৯টি।

 

এরপর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আড়াইহাজারে এর আগেও লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সম্প্রতি উপজেলার সিংগারপুর এলাকায় একটি পুকুর থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করে পুলিশ। অস্ত্রাগারের রেজিস্টার যাচাই করে সেটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করা হয়।

 

মসজিদ থেকে উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং কারা এটি সেখানে রেখে গেছে—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।