নারায়ণগঞ্জের বন্দরে একটি হত্যা মামলায় সাংবাদিক নুরুজ্জামান মোল্লা (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবী, ষড়যন্ত্রমূলকভাবে নুরুজ্জামানকে এই হত্যা মামলায় জড়িয়ে দেয়া হয়েছে।
নুরুজ্জামান মোল্লা দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি এবং ধামগড়ের কামতাল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ মামলা রয়েছে। এর মধ্যে পূর্বে থেকেই তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
বন্দর থানার এএসআই জহিরুল ইসলাম জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, নুরুজ্জামানের স্ত্রী রুমা বেগম দাবি করেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তার স্বামীকে ফাঁসানো হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে মামলাগুলো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, তার স্বামী খুব অসুস্থ। তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার স্বামীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।


































