নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. নবী হোসেন।
কলেজ অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রহিমা শরীফ মায়া ও ডা. রফিকুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন ও ড. সাবিত্রী রাণী দত্ত এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান নাসির উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের কলেজজীবনের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নবী হোসেন শিক্ষার্থীদের নিয়মিত কলেজ ও ক্লাসমুখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক এই সময়ে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, কলেজজীবন ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। তাই সময়ের সঠিক ব্যবহার করে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পরে নবীন ও পুরোনো শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


































