নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ আগস্ট ২০২৬

পঞ্চবটি বিসিকে ভূমিকম্প মহড়া, বিকল্প যোগাযোগ ব্যবস্থার অনুশীলন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৮, ২৪ আগস্ট ২০২৬

পঞ্চবটি বিসিকে ভূমিকম্প মহড়া,  বিকল্প যোগাযোগ ব্যবস্থার অনুশীলন

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলা ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর লক্ষ্যে ভূমিকম্প মহড়া ও কমিউনিকেশন এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) বেলা ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্পের কারণে টেলিফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়লে ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (EOC) থেকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু, আহত ও আটকে পড়াদের উদ্ধার, অগ্নিনির্বাপণ এবং জরুরি সেবা পরিচালনার বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়।

 

এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর সহযোগিতায় প্রচলিত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলে বিকল্প মাধ্যমে কীভাবে দ্রুত যোগাযোগ পুনঃস্থাপন করা যায়, তাও মহড়ায় প্রদর্শন করা হয়।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “ভূমিকম্প বা বড় ধরনের দুর্যোগে বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। এ অবস্থায় EOC থেকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করে দ্রুত তথ্য আদান-প্রদান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।”

 

তিনি আরও বলেন, “নিয়মিত এ ধরনের মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও সমন্বয় আরও শক্তিশালী হবে।”

 

আয়োজকরা জানান, শিল্পাঞ্চলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, দ্রুত সাড়া এবং আন্তঃবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া বাস্তব পরিস্থিতিতে কার্যকর উদ্ধার ও জরুরি সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

সম্পর্কিত বিষয়: