নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় কথিত শীর্ষ সন্ত্রাসী খালিদ হাসান রবিনের বাড়িতে অভিযান চালিয়ে চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে কাঠেরপুল এলাকায় র্যাবের একটি দল এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘ক’ সার্কেলের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘ক’ সার্কেলের দায়িত্বে থাকা শামীম হোসেন জানান, অভিযানে মোট চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি পিস্তলের গুলি এবং দুটি শর্টগানের গুলি।
তিনি জানান, পিস্তলের গুলি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযানের সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার হওয়া গুলির কোনো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সম্পৃক্ততা না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়া হবে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো পরিত্যক্ত বাড়ির একটি স্থান থেকে পাওয়া গেছে। এ ঘটনায় গুলিগুলো সেখানে কীভাবে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান ও উদ্ধার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।


































