নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিক আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ পুলে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-১৬৫৩) অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা দুই নারী শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে পাঠায়।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রাইভেট কারটি আটকে ভাঙচুর চালায় এবং গাড়িচালক মোঃ ফরহাদকে (৩৯) মারধর করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বেলাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তার চালক ফরহাদের বাড়ি মাদারীপুরের শিবচর থানার ভান্ডারীকান্দি গ্রামে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


































