নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে ইউনিভার্সেলে আরও চার শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১০:৩৩, ২৪ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে ইউনিভার্সেলে  আরও চার শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে স্বাভাবিকভাবে শ্রমিক-কর্মচারীদের উপস্থিতি ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে শ্রমিক-কর্মচারীরা যথারীতি কারখানায় প্রবেশ করেন। সকাল ৭টায় কারখানা প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে যথারীতি উৎপাদন কার্যক্রম শুরু হয়।

 

এরপর সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টার মধ্যে আগের দিনের মতো চারজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য স্থানীয় বেপজা হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে একজনের আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

কারখানার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা ও ফোর্সের ৪০ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি জেলা পুলিশেরও বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। 

বর্তমানে কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।