নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ক-জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—নওগাঁর আত্রাই থানার ব্রজপুর এলাকার সায়েম সরকারের ছেলে রকি সরকার ওরফে নাঈম (২৫), কিশোরগঞ্জের মিঠামইন থানার আসনপুর এলাকার সাহাবুলের ছেলে আজমান ওরফে লেম্বর (২৫) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে রায়হান (২৩)। তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ মানিক গ্রুপের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর কথা স্বীকার করেছে। এছাড়া মিলন-সাজিদ ও শান্তদের নেতৃত্বে অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথাও তারা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে ছয়টি রামদা, তিনটি তলোয়ার, দুটি ছুরি, একটি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি দুটি কুড়াল এবং দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। সোমবার (২৪ আগস্ট) দায়ের করা মামলাটি ফতুল্লা মডেল থানার মামলা নম্বর-৭৭। এতে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































