নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় তরুণ নিহত, বন্ধু আহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:২৫, ৭ নভেম্বর ২০২৬

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় তরুণ নিহত, বন্ধু আহত

নারায়ণগঞ্জের বন্দরে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস রাশিদ নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মাসুদ মিয়া (৫২)-এর ছেলে।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিঝুমের মৃত্যু হয়। এ সময় তার বন্ধু ফারহান আহত হন।

তিনি আরও জানান, নিহত নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিঝুম অনার্সে পড়াশোনা করতেন। আগামী ফেব্রুয়ারিতে তার জাপানে যাওয়ার কথা ছিল। এ লক্ষ্যে তিনি জাপানি ভাষাও শিখছিলেন। বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি চলছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।