নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মণ্ডল (৩৯) ও কাউছার (৪৩)।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০১৭ সালের ১৫ আগস্ট নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার একটি বহুতল ভবনে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর শুভ্রকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। পরে হত্যার ঘটনা ভিন্নখাতে নিতে তাকে ভবন থেকে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহত শুভ্রর বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আজ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের এ রায় ঘোষণা করেন।


































