নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৫ স্পটে বিচ্ছিন্ন অবৈধ ৯০০ গ্যাস সংযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৫ স্পটে বিচ্ছিন্ন অবৈধ ৯০০ গ্যাস সংযোগ

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জোনাল বিক্রয় অফিস-বন্দর। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।

 

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বন্দরের পাঁচটি স্পটে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের পাইপলাইন ও বিভিন্ন সরঞ্জাম অপসারণ করা হয়। একই সঙ্গে সংযোগের উৎসস্থল বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অভিযানে মোট প্রায় ৯০০টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানের প্রথম ধাপে হরিপুর-কুতুবপুর এলাকায় প্রায় ২০০টি ডাবল বার্নার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৭০ ফুট হোস পাইপ, ৫ ফুট এমএস পাইপ, ৮টি রেগুলেটর, ৪টি ডাবল চুলা ও একটি ২ ইঞ্চি ভাল্ব অপসারণ করা হয়। এ ঘটনায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ লাইনটি আরসিসি ঢালাইয়ের নিচে থাকায় মূল সড়কের অংশে সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়।

 

একই এলাকার দ্বিতীয় স্পটে একটি ডাবল বার্নার ও ১৫টি সিঙ্গেল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২০ ফুট ১ ইঞ্চি এমএস পাইপ ও একটি রেগুলেটর অপসারণ করা হয়। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় তৃতীয় স্পটে প্রায় ৩০০টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ অপসারণের পাশাপাশি অবৈধ বিতরণ লাইনের উৎসস্থলে কিলিং করা হয়। এতে প্রায় ৫ কিলোমিটার এলাকার ৩০০ আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়।

 

হরিপুর বাজারে চতুর্থ স্পটে তিনটি আবাসিক ডাবল চুলা ও একটি স্টার বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩০ ফুট এমএস পাইপ, ৫০ ফুট হোস পাইপ, তিনটি রেগুলেটর, একটি স্টার বার্নার ও দুটি ডাবল চুলা অপসারণ করা হয়। এ ঘটনায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ ছাড়া বন্দর স্টিলের বিপরীতে দেওয়ানবাগ-মদনপুর এলাকায় পঞ্চম স্পটে অভিযান চালিয়ে আনুমানিক ৩০০টি ডাবল চুলার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১০ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করে অবৈধ বিতরণ লাইনের উৎসস্থলে কিলিং করা হয়। এতে প্রায় ৩ কিলোমিটার এলাকার ৩০০ আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

 

অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে এ ঘটনায় কোনো মামলা বা এফআইআর দায়েরের তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: