নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে চিনারদী এলাকার নিজ বাড়ি থেকে মো. শাহ-আলম (৫০), শাহী মসজিদ খালপাড় এলাকার নিজ বাড়ি থেকে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান স্বপন (৫০) এবং কদমতলী এলাকা থেকে মো. নাহিয়ান (২০) ও রাকিবকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মদনপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় মো. শাহ-আলম (৪০)কে আটক করা হয়। একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় মো. সাকিব শিকদার, শিউলি ও মো. মওদুদ ভূঁইয়াসহ আরও কয়েকজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































