নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে গুরুত্ব

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে গুরুত্ব

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সড়ক সংস্কার, বিদ্যুৎ ও সড়কবাতিসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা বলেন, বন্দরের বিভিন্ন সড়ক সংস্কার ও পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা করা হলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে মদনগঞ্জ-মদনপুর সড়কের সংস্কার, প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপন এবং গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি ব্রিজে স্কেল বসানোর পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

 

সভায় অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়েও আলোচনা করা হয়। তরুণ ও কিশোরদের অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়া ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সবাইকে অনলাইন জুয়া থেকে দূরে থাকার এবং এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানানো হয়।

 

মাদক নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সভায় বলা হয়, কিশোরদের মাদকের সঙ্গে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় জানানো হয়, মাদকসেবীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে তাৎক্ষণিক সাজা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি মাসে মাদকসংক্রান্ত ২১টি মামলায় ৬৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিন থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

 

এ সময় বন্দর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশের ভূমিকার প্রশংসা করা হয়। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।

 

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: