নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০১

নারায়ণগঞ্জ জেলাজুড়ে পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং মাদক কারবারিসহ মোট ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

 

​সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের একাধিক দল নিজ নিজ এলাকায় এ সমন্বিত অভিযান পরিচালনা করে।

 

​পুলিশ জানায়, দিনভর পরিচালিত অভিযানে মাদক অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ৭৯ জন, পরোয়ানা (ওয়ারেন্ট) ও অন্যান্য অপরাধে ১৩ জন,নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন, ছিনতাইকারী ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, সোনারগাঁও থানা এলাকায় সবচেয়ে বেশি ২৫ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ১৫ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধে ৯ জন রয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে ২৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে।

 

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ১৬ জনকে এবং বন্দর থানা পুলিশ ৬৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি, ৮ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ২ জন ও অন্যান্য অপরাধে ৩ জনসহ ১৫ জনকে গ্রেপ্তার করে।

 

​এ ছাড়াও নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১৫ পিস ইয়াবাসহ ৭ জন মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ ১০ জন এবং রূপগঞ্জ থানা থেকে ৫ জন মাদকসেবী ও অন্যান্য আইনের ১ জনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানা এলাকায় ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১ জন ও কিশোর গ্যাংয়ের ১ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

​নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।