আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২৩৯টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ ঠেকাতে সাদা পোশাক ও ইউনিফর্মে ৭৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সভায় পূজা উদযাপন কমিটির নেতারা জানান, এবার জেলার ২৩৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।
নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। গত বছর দুর্গাপূজায় ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবার এ সংখ্যা বাড়িয়ে ৭৫০ করা হয়েছে।
পুলিশ জানায়, পূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ টহল দল কাজ করবে। প্রতিমা তৈরির স্থান এবং প্রতিমা মণ্ডপে নেওয়ার সময় মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা নেই। পূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।


































