নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে এসআরবি-১১, ঝুঁকিপূর্ণ ৯৩টি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:০৭, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে এসআরবি-১১, ঝুঁকিপূর্ণ ৯৩টি

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। জেলার ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ নজরদারির পাশাপাশি ৯৩টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে টহল, সাদা পোশাকে দায়িত্ব পালন, সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

 

শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

 

নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, নারায়ণগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় সাতটি টহল দল কাজ করছে। পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন ৩০ জন সদস্য। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতটি জেলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক ১৮টি টহল দল মোতায়েন রয়েছে।

 

এসআরবি-১১ অধিনায়ক বলেন, পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অরাজকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম, সমন্বয় সেল ও চেকপোস্টের মাধ্যমে দায়িত্ব পালন করা হচ্ছে।

 

তিনি জানান, পূজামণ্ডপে যাতায়াতের সড়ক এবং আশপাশের এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমের বিভিন্ন দিক সমন্বয় করতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান অধিনায়ক। এসব তৎপরতা প্রতিরোধে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

 

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, দুর্গাপূজাকে ঘিরে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও জানান, এসআরবি-১১-এর দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট ১ হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। নারায়ণগঞ্জ জেলায় ছোট-বড় মিলিয়ে ২৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এসব মণ্ডপে উৎসব নির্বিঘ্ন রাখতে নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

সাধারণ মানুষকে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজামণ্ডপ কিংবা আশপাশে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

 

পূজা উদযাপন কমিটির সদস্যদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্ব দেন।

 

এসআরবি-১১ জানিয়েছে, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যাটালিয়নের সদস্যদের নিরাপত্তা কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে।