নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ অক্টোবর ২০২৬

সদরে দুর্গাপূজার নিরাপত্তায় ৫১২ আনসার-ভিডিপি সদস্য

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৭, ১০ অক্টোবর ২০২৬

সদরে দুর্গাপূজার নিরাপত্তায়  ৫১২ আনসার-ভিডিপি সদস্য

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৫১২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সদস্য বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া বাছাই কার্যক্রমে ৫৫০ জন সদস্য উপস্থিত হন। নির্ধারিত যোগ্যতা ও শর্ত যাচাই-বাছাই শেষে প্রশিক্ষণপ্রাপ্ত, এভিএমআইএস (AVMIS) সফটওয়্যারে নিবন্ধিত, নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে রকেট, নগদ বা বিকাশ অ্যাকাউন্টধারী এবং শারীরিকভাবে সক্ষম ৪৫২ জন সদস্যকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।

বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি উপস্থিত সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দুর্গাপূজায় সর্বোচ্চ দায়িত্বশীলতা, শৃঙ্খলা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিমের তত্ত্বাবধানে এ বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সদস্যদের যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা এবং প্রশাসনিক শর্ত অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মো. আজিজুল হাকিম বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত, AVMIS সফটওয়্যারে নিবন্ধিত, নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত এমএফএস (রকেট, নগদ ও বিকাশ) অ্যাকাউন্টধারী এবং শারীরিকভাবে সক্ষম সদস্যদের মধ্য থেকে নির্ধারিত শর্ত অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে শতভাগ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।”

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত যোগ্যতা ও প্রশাসনিক নিয়ম অনুসরণ করে সদস্য বাছাই করা হলে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা আরও সুশৃঙ্খল ও কার্যকর করা সম্ভব হবে। বাছাই কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পর্কিত বিষয়: