নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৩০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৩০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী সরদারবাড়ী এলাকায় প্রায় ৩০টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাহামুদা বেগম ও তার দুই ছেলে মোস্তাকিম ও মোরসালিনের বিরুদ্ধে।

রাস্তা বন্ধের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো প্রতিকার চেয়ে কলাগাছিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধানের হস্তক্ষেপ কামনা করে। খবর পেয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে বন্ধ রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেন।

তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা চেয়ারম্যানের নির্দেশও মানেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, আলীসারদী সরদারবাড়ী এলাকার বাসিন্দা শহীদ মিয়া জীবদ্দশায় ২৬ শতাংশ জমি রেখে মারা যান। পরবর্তীতে তার চার ছেলে ২০ শতাংশ এবং তিন মেয়ে ৬ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক হন। ১৯৯৭ সালে শহীদ মিয়ার তিন মেয়ে আক্তার বানু, আনোয়ারা বেগম ও রুবিয়া বেগম তাদের ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি চার ভাইয়ের কাছে বিক্রি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পরবর্তীতে মাহামুদা বেগম ও তার দুই ছেলে মোস্তাকিম ও মোরসালিন ওই জমিসহ বাড়িতে যাতায়াতের রাস্তার অংশ দখল করে প্রায় ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন।

ভুক্তভোগী রমজান মিয়া বলেন, ‘আমি, ডালিম, মাঈনউদ্দিন, মনির, আব্বাস, সোহেলসহ প্রায় ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করছি। হঠাৎ করে প্রায় ৫০ বছরের পুরোনো রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। রাস্তা খুলে দেওয়ার কথা বললে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।’

এ অবস্থায় রাস্তা খুলে দেওয়া ও ভুক্তভোগী পরিবারগুলোর চলাচলের ব্যবস্থা করতে স্থানীয় এমপি অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সম্পর্কিত বিষয়: