নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে একটি এক্সকাভেটর (বেকু) কাটার মেশিন দিয়ে কেটে খণ্ড-বিখণ্ড করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপনের বিরুদ্ধে।
এ ঘটনায় শিপনসহ চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সাইদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি। অভিযোগে অভিযুক্ত অন্যরা হলেন—আব্দুল মোতালেব হোসেন, শাহিন ও শান্ত। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাইদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ও তার ব্যবসায়িক অংশীদার মো. অলিউল্লাহ (৪৫) দীর্ঘদিন ধরে ফতুল্লার নবীনগর ঘাট এলাকায় ভাড়ায় এক্সকাভেটর (বেকু) পরিচালনা করে আসছিলেন। প্রায় এক বছর ধরে বেকুটির কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ১৩ লাখ টাকা মূল্যমানের এক্সকাভেটরটি বক্তাবলী ফেরিঘাটসংলগ্ন জাকির মিয়ার ব্রিকফিল্ডে রাখা ছিল।
সাইদুল ইসলামের অভিযোগ, চলতি মাসের ১১ তারিখ রাতে আলাউদ্দিন খন্দকার শিপনসহ অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন ওই স্থানে যান। পরে কাটার মেশিন দিয়ে বেকুটিকে কেটে একাধিক অংশে খণ্ডিত করা হয়। এরপর খণ্ডিত অংশগুলো অন্যত্র নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে সাইদুল ইসলাম অভিযুক্তদের কাছে বেকুটি কেটে ফেলার কারণ জানতে চান এবং ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড তার মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে বলে জানান সাইদুল।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে অভিযুক্ত আলাউদ্দিন খন্দকার শিপনসহ অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


































